#মহাষ্টমী২০২০
গাঙ্গেয় বঙ্গে গভীর নিম্নচাপের কারণে আমাদের এখানে আকাশ মেঘলা , বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে । অক্টোবরের ২৪ তারিখেই বেশ ঠাণ্ডা ঠাণ্ডা ভাব , ফ্যান চালালে হাঁচি পড়ছে । কবীর সুমন লিখেছিলেন --- "গান তুমি হও বিশ্রী গরম ভুলিয়ে দেওয়া বৃষ্টি/ সজীবতার ভরসা দেওয়া সফল অনাসৃষ্টি ।" হ্যাঁ , আজ সকাল থেকেই পাড়ায় পাড়ায় গান বাজছে , কারণ আজ মহাষ্টমী । তবে কিছু অনাসৃষ্টি কাণ্ডও ঘটছে । মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কথা ছিল এ বছর ভার্চুয়ালি অঞ্জলি হবে , কিন্তু সকালে বেরিয়ে দেখলাম অ্যাকচুয়ালি অঞ্জলি হচ্ছে সব জায়গায় । তবে জনসচেতনতা বাড়ানোর প্রচেষ্টাও আছে । মাইকে মুহুর্মুহু ঘোষণা হচ্ছে --- এলাকার সমস্ত বাসিন্দার কাছে আমাদের একান্ত অনুরোধ, যে আপনারা কেউ মাস্ক না পড়ে মণ্ডপে আসবেন না । মাইকে মন্ত্রোচ্চারণ করতে করতেই পুরোহিত মশাই হঠাৎ বলছেন --- "দাঁড়ান হাতে একটু স্যানিটাইজার দিয়ে নিই ।" শুনে মজাই লাগছিল । দেবী দুর্গার সামনে বসে সবাইকে দিয়ে নিজেদের মঙ্গলকামনা করাচ্ছেন , কিন্তু একইসাথে নিজেই জানেন, সার্স কোভ-২ তেমনভাবে একবার শরীরের ভিতরে সেঁধিয়ে গেলে জগজ্জননীও রক্ষা করতে পারবেন না । করোনা-কালে গঙ্গা জলে নয় , স্যানিটাইজারেই হাত শুদ্ধ করতে হবে পুজোর সময় । আমাদের এখানে বহু পুরনো , ঐতিহ্যবাহী একটা পুজো হয় একটি প্রাথমিক স্কুল বাড়িতে । এবার স্কুলে নো এন্ট্রি , গেটে তালা , ভিতরে বেসরকারি নিরাপত্তারক্ষী । স্কুলের জানলার পাশে রাস্তা , পুজোর স্পেশ্যাল মাঞ্জা দিয়ে , রাস্তায় চটি খুলে সবাই অঞ্জলি দিচ্ছেন , অঞ্জলির ফুল একটি বড় ডালায় করে মা দুর্গার চরণতলে পৌঁছে দিচ্ছেন পুজো কমিটির এক সদস্য । এমনিতে ঠিকই আছে , তবে অষ্টমীর অঞ্জলির সময় ইচ্ছাকৃত ভাবে অঞ্জলির ফুল অনেক সময় অন্য দেবীর পায়ে বা মাথায় পড়ে ! এবার সে সুযোগ নেই । তবে রাস্তাতেও যাঁরা অঞ্জলি দিতে দাঁড়িয়েছেন , তাঁরাও পারস্পরিক দূরত্ববিধি না মেনে করতলে রাখা অঞ্জলির ফুলগুলির মতই ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছেন । আরও মজার দৃশ্য দেখলাম এক পাড়ায় । মণ্ডপের সামনে একফালি জমিতে ঘাসের ওপর চুন দিয়ে নির্দিষ্ট দূরত্বে বৃত্ত আঁকা হয়েছিল অঞ্জলি দেওয়ার জন্য । নিজের নিজের বৃত্তে না ঢুকে সেই পুজোয় সবাই, সিধে নো এন্ট্রি জোনে ঢুকে অঞ্জলি দিচ্ছেন ! দৃশ্যটা দেখে হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় আর একটা প্রিয় গান মনে পড়ছে একটু শীত-একটু রোদ্দুর মাখা এই মিষ্টি সকালে --- "সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি / পথ হারাবো বলেই এবার পথে নেমেছি ।" কেউ যদি জিজ্ঞেস করেন --- হে বঙ্গজন , তুমি কি পুজো দেখিতে গিয়া পথ হারাইয়াছো ? আজকের দিনে এই প্রশ্নের সাহসী উত্তর হবে --- হ্যাঁ ।
মহাষ্টমী সন্ধিপূজা
মহাষ্টমী 2020
মহাষ্টমী সকাল
মহাষ্টমীর ছবি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.